ডেস্ক রিপোর্ট।।
প্রিস উপকূলে পৌঁছানোর সময় দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। তাদের বেশিরভাগই সুদান ও বাংলাদেশের নাগরিক।
উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে কিছু মিশরীয় রয়েছেন। গ্রিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
একটি গ্রিক সংবাদপত্রের তথ্য অনুযায়ী, লিবিয়ার উপকূল থেকে পরপর ছেড়ে আসা বেশ কয়েকটি নৌকায় করে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে অন্তত ২০২ জন অভিবাসী গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে এসে পৌঁছেছেন। অনিয়মিত অভিবাসী আসার এই ধারা অব্যাহত থাকায় দ্বীপটির কর্তৃপক্ষ ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর চাপ দিন দিন বাড়ছে।
স্থানীয় সংবাদ মাধ্যম ‘ডিমোক্রাটিয়া’র প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ৪০ জন অভিবাসী বোঝাই একটি নতুন নৌকা দক্ষিণ-পূর্ব ইয়েরাপেত্রা এলাকায় এসে পৌঁছেছে বলে শনাক্ত করেছে ইউরোপীয় সীমান্ত ও উপকূলীয় নিরাপত্তা সংস্থা ফ্রন্টেক্স। পরে একটি মাছ ধরার নৌকার সহায়তায় একটি উপকূলরক্ষী টহল দল অভিবাসীদের ইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যায়, যেখানে তাদের নিবন্ধন প্রক্রিয়া ও পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়।
এর কয়েক ঘণ্টা আগে ১১৬ জন অভিবাসী বহনকারী অপর দুটি নৌকা ক্রিট দ্বীপে পৌঁছায়। যার প্রথম দলটিতে ৩১ জন সুদানি ও ২৫ জন বাংলাদেশিসহ মোট ৫৬ জন এবং দ্বিতীয় দলটিতে ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিসরীয়সহ ৫৬ জন অভিবাসী ছিলেন।
দ্বীপটিতে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় উদ্ধার হওয়া অভিবাসীদের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
পৃথক বিবৃতিতে গ্রিক কর্তৃপক্ষ দক্ষিণ সুদানের ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। ইয়েরাপেত্রার দক্ষিণ-পশ্চিমে ২৮.৫ নটিক্যাল মাইল দূরে আগের একটি অভিযানে উদ্ধার হওয়া ৫০ জন অভিবাসীকে পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়।
অভিবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, সন্দেহভাজন ওই কিশোর অভিবাসীদের কাছ থেকে জনপ্রতি ১,৫০০ থেকে ২,০০০ মার্কিন ডলার নেওয়ার বিনিময়ে লিবিয়ার তবরুক শহর থেকে গ্রিস পর্যন্ত নৌকা চালিয়ে এনেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর