দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার

আহনাফ তিহামী, দাউদকান্দি।।

কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে পুলিশের চেকপোস্ট দেখে গাড়িটি ফেলে চালক পালিয়ে যান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনার সময় এ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-গ-১৪-৫৭৩৬ নম্বরের একটি পুরোনো সিলভার রঙের প্রাইভেটকার চেকপোস্টের কাছে এলে পুলিশ থামার সংকেত দেয়। চালক গাড়িটি থামিয়ে দৌড়ে পালিয়ে যান।

পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার করা গাঁজার পরিমাণ প্রায় আড়াই মণ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।