দাউদকান্দিতে মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

আহনাফ তিহামী, দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় নজির মিয়া (৫৫) ও তাঁর স্ত্রী ঝরনা বেগমের (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার রামনগর মৎস্য প্রকল্পসংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজির মিয়া দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের পূর্বপাড়ার মৃত খলিল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্র এই দম্পতি গ্রামবাসীর সাহায্য-সহযোগিতায় জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার ফজরের নামাজ শেষে তাঁরা প্লাস্টিকের পরিত্যক্ত বোতল কুড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। মহাসড়কের দুই পাশ থেকে বোতল কুড়াতে গিয়ে রামনগর মৎস্য প্রকল্পসংলগ্ন চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা যানবাহন তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় বলেন, অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা মরদেহ দুটি বাড়িতে নিয়ে যান। ঘাতক যানবাহনটি শনাক্ত করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

দুর্ঘটনার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়মুখী লেনে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।