দুবাইয়ে ইরানের মিসাইল হামলা: ব্রাহ্মণপাড়ার প্রবাসী নিহত

গাজী রুবেল।।
মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দুবাইয়ে ইরানি মিসাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোঃ শাহ আলম ভূইয়া(৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মো. শাহ আলম ভুঁইয়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের বাসিন্দা।

পরিবার ও দুবাই প্রবাসী সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে দুবাইয়ের ফুজিরা ডিব্বা এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে ইরান থেকে ছোড়া একটি মিসাইলের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় আশপাশ এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কে মানুষ দিকবিদিক ছুটতে থাকে।

তার মৃত্যুর খবরে দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তার নিজ গ্রাম জিরুইনেও বিরাজ করছে গভীর শোক। নিহতের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “বিষয়টি জানার পর আমি গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন স্থানে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবন-জীবিকায়।