তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।
কুমিল্লার দেবীদ্বারে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে এক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি অবৈধ ড্রেজার এবং প্রায় দুই হাজার ফুট ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন দেবীদ্বারের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়সল উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার গুনাইঘর উত্তর ইউনিয়নের লাউয়াডুগি গ্রামের চাষারপাড় এলাকায় এবং গুনাইঘর বাজার সংলগ্ন মু্ন্সি বাড়ির পূর্ব পাশে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে মাটি উত্তোলনে ব্যবহৃত দুটি অবৈধ ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট সরবরাহ পাইপ বিনষ্ট কর হয়।
অভিযান শেষে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম জানান, কৃষিজমি, ফসলি জমি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেবীদ্বার উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন এবং ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।