প্রধানমন্ত্রীর নির্দেশনা কুসিক এলাকায় ২০টি খেলার মাঠ তৈরি করা হচ্ছে– প্রশাসক টিপু

স্টাফ রিপোর্টার।।

তথ্যপ্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এলাকায় ২০টি খেলার মাঠ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

বৃহস্পতিবার কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউসুফ মোল্লা টিপু বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে পুরো বিশ্ব এগিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি এর নেতিবাচক দিক সম্পর্কেও নতুন প্রজন্মকে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের প্রযুক্তির সুফল কাজে লাগানোর পাশাপাশি সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ২০টি খেলার মাঠ তৈরি করা হচ্ছে।

দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয়েছে কুমিল্লা মডার্ণ হাইস্কুল। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা ও দশম শ্রেণির শিক্ষার্থী তাজরিদা মোশাররাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. লুৎফর রহমান, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলাম এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।

এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মীর শাহ আলম, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, অর্থ সম্পাদক শাহ আলম শফি, দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় কুমিল্লার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। দুটি ভেন্যুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আবদুর রহমান আস সাদী, মো. এনায়েত হোসেন, আবিদুর রহমান সাগর, নাজমুল হাসান ফাহিম, ফারহা খানম, আবছার উদ্দিন ইফতি, আসিফ ফেরদৌস জিদনী, ফাহিমা সুলতানা রাতুয়া ও ইসরাত জাহান ইতি।