গাজী রুবেল:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি নির্জন বাগানে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই ঘটনাস্থল থেকে সরে যায় মাদক কারবারিরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি বাঁশতলীর পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে দক্ষিণ তেঁতাভূমি বাঁশতলীর পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় জনৈক জামালের বসতঘরের টিনশেড ভবনের উত্তর-পশ্চিম কোণসংলগ্ন বাগানে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাগানের একটি স্থানে সন্দেহ হলে সেখানে তল্লাশি করে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়।
পরে বস্তা খুলে মোট ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, সীমান্তবর্তী হওয়ায় মাদক পাচারের উদ্দেশ্যে অজ্ঞাতনামা কারবারিরা গাঁজাগুলো ওই বাগানে এনে মজুত করেছিল। তবে পুলিশের অভিযান আঁচ করতে পেরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধার হওয়া গাঁজার মালিকানা ও মাদক মজুতের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, উদ্ধার করা গাঁজার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গাঁজাগুলো কারা সেখানে মজুত করেছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা শনাক্তে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।