ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ গাঁজা ও পরোয়ানাভুক্তসহ ৫ জন গ্রেফতার

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে একাধিক টহল টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা এলাকায় মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে হরিমঙ্গল-বাগড়া সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞাতনামা অটোরিকশা চালক পালিয়ে যায়। তবে ঘটনার সাথে পলাতক আসামী মো. ছোটু মিয়া (৪৩)-এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে পৃথক অভিযানে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামী মো. সফিকুল ইসলাম (৪৫) ও মো. সোহাগ মিয়া (১৮)-কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক জিআর ও দায়রা মামলা রয়েছে।

অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. রাকিবুল হাসান (২২), মো. আলাউদ্দিন চৌধুরী (৩২) ও মো. রাফি (২৪)-কে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদক ও অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।