দেবিদ্বারে ১৬ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ-সার

পারভেজ সরকার।।
আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১/২৬ মৌসুমের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ বানিন রায়, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের কৃষকরা।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধানে আগামী বুধবার থেকে ইউনিয়নভিত্তিক উপকরণ বিতরণ শুরু হবে। এ বছর উপজেলার ১৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ কর্মসূচির আওতায় আসছেন। প্রত্যেক কৃষককে বিনামূল্যে ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারসহ মোট ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হবে।

প্রণোদনা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার তালিকা যাচাই ও বিতরণ তদারকির জন্য উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা তালিকাভুক্ত অন্তত ১ শতাংশ কৃষকের তথ্য যাচাই করে প্রত্যয়ন দেবেন, এরপর উপজেলা কমিটি চূড়ান্ত অনুমোদন প্রদান করবে।

এছাড়া প্রতিটি ইউনিয়নের অগ্রাধিকার তালিকা বিতরণের পূর্বেই উপজেলা কৃষি অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কৃষকদের সুবিধার্থে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার নাম, দায়িত্বপ্রাপ্ত এলাকা ও মোবাইল নম্বরসহ তথ্য সম্বলিত টোকেনও সরবরাহ করা হবে, যাতে সহজেই কৃষি বিষয়ক পরামর্শ গ্রহণ করা যায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর দেবিদ্বারে ১১ হাজার ২১৫ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছিল। গত তিন বছরে ব্রি ধান-৯৮ জাতটি কৃষকদের কাছে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। মাঠপর্যায়ে কৃষক গ্রুপভিত্তিক কার্যক্রম ও পরিকল্পিত উদ্যোগের ফলে আউশ ধানের ফলন বৃদ্ধিতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

কৃষকদের উদ্দেশ্যে বীজতলায় চারার বয়স ১৮ দিনের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বীজ বপনের ১০ দিন পর এবং চারা উত্তোলনের ৫ দিন আগে দুই দফা কীটনাশক প্রয়োগের আহ্বান জানানো হয়। এছাড়া বাড়ির আঙিনায় বস্তায় আদা ও মরিচ চাষে কৃষকদের উৎসাহিত করা হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আউশের আবাদ বৃদ্ধি পাবে, উৎপাদন খরচ কমবে এবং কৃষকের লাভবান হওয়ার পাশাপাশি কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।