গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তোফায়েল আহমেদ ভূঁইয়া (৫৬) আর নেই।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর আনুমানিক ৫টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নাগাইশসহ সমগ্র ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, ১৯৯৬ সালের ১ আগস্ট তিনি জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ প্রায় তিন দশক সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সম্প্রতি তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে আসছিলেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ বৃহস্পতিবার(৩০ জুলাই) যোহরের নামাজের পর জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
প্রথম জানাজার নামাজে উপস্থিত ছিলেন নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিল উদ্দিন আখন্দ, মাদ্রাসার সুপার মাওলানা মোস্তাক ফয়েজী, সুপার মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সুপার মাওলানা মিজানুর রহমান, জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, সিনিয়র শিক্ষক গোলাম রাব্বানী, শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু ছুফিয়ান মিন্টু, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা, জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী শাহজালাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মুসল্লিরা।
জানাজার সময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষককে শেষবারের মতো একনজর দেখতে বিদ্যালয় প্রাঙ্গণ ও জানাজার মাঠে ভিড় করেন সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, এলাকাবাসী এবং শুভানুধ্যায়ীরা। অনেকের চোখ ছিল অশ্রুসিক্ত। কান্নাভেজা পরিবেশে সবাই প্রিয় শিক্ষক মো. তোফায়েল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানান।
মো. তোফায়েল আহমেদ ভূঁইয়ার মৃত্যুতে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এছাড়া জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরাও পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শিক্ষক হিসেবে তাঁর সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁকে সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসীর কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছিল। তাঁর মৃত্যুতে জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়, এর প্রাক্তন শিক্ষার্থী এবং সমগ্র এলাকায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।