গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের টাকা জোগাতে বাবাকে মারধরের অভিযোগে শেষ পর্যন্ত বাবার দায়ের করা অভিযোগেই মো. নুরে আলম (৪০) নামে ওই যুবককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। নুরে আলম উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল গ্রামের বাসিন্দা এবং মো. শাহজাহানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত নুরে আলম মাদকের টাকার জন্য নিয়মিত পরিবারের ওপর নির্যাতন চালাতেন। বিশেষ করে নিজের বাবাকে মারধর করে টাকা আদায়ের চেষ্টা করতেন। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে তার বাবা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় নুরে আলমকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান জানান, “আটকের পর ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করে নুরে আলম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।