ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া দুই কিশোরী হলো—মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিসা আক্তার (১৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে চৌদ্দগ্রাম থানাধীন কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয় মাহিমা ও তানিসা। তবে তারা মাদ্রাসায় না পৌঁছানোয় এবং বাড়িতেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি নিখোঁজ ডায়েরি করা হয়।
বিষয়টি জানার পর কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে অনুসন্ধান শুরু করে পুলিশ। চৌদ্দগ্রাম মডেল থানার একটি দল ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার একটি দল সমন্বিতভাবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালায়।
অনুসন্ধানের একপর্যায়ে পুলিশ নিখোঁজ দুই কিশোরীর অবস্থান কক্সবাজারে শনাক্ত করে। পরে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান চালিয়ে সমুদ্রসৈকত এলাকার গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী পরিবারের সদস্যদের ওপর অভিমান করে স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে যাওয়ার কথা জানিয়েছে।
উদ্ধার হওয়া দুই কিশোরীকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।