মাহফিল শেষে ফেরার পথে কনটেন্ট ক্রিয়েটরকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যামেরা ও বাইক ছিনতাই

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় মাহফিল শেষে বাড়ি ফেরার পথে এক কনটেন্ট ক্রিয়েটরকে আটক করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, ক্যামেরা ও মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার বাকসার এলাকার আব্দুস সালাম সরকারের ছেলে হাসান সরকার (৩০) গত ৪ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর ইউনিয়নের জানঘর কবরস্থানের পাশের পাকা সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন।
এর আগে তিনি বারেশ্বর গ্রামে মাওলানা মোশতাক ফয়েজী হুজুরের মাহফিলে কনটেন্ট তৈরির কাজ শেষে রওনা হন। পথে জানঘর কবরস্থানের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তার পথরোধ করে।

অভিযোগে আরও বলা হয়, দুর্বৃত্তরা গাছ কাটার করাত, দা ও ছুরি দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তাকে জিম্মি করে। পরে তার হাত-পা ও চোখ বেঁধে পাশের ধানক্ষেতে ফেলে রেখে একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল, দুটি ক্যানন ক্যামেরা (90D ও 6D Mark II), একটি পোকো এম২ প্রো মোবাইল ফোন এবং দুটি মাইক্রোফোন ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৩০ হাজার টাকা।

ভুক্তভোগী হাসান সরকার জানান, পরে তিনি দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।