রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি বাজারে সামাজিক সংগঠন রক্তিম সূর্য সংঘের উদ্যোগে পথচারী ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে দাউদকান্দি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বাজারের দুটি পয়েন্টে ইফতার বিতরণ করা হয়। একটি পয়েন্ট ছিল দাউদকান্দি বড় মসজিদের সামনে এবং অপরটি শহীদ শিশু রিফাত পার্কে। ইফতারের সময় দরিদ্র ও পথচারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ইফতার সংগ্রহ করেন।
সংগঠনের সদস্যরা জানান, দেশ ও প্রবাসে থাকা বিভিন্ন দাতার সহযোগিতায় প্রতি বছর এই আয়োজন করা হয়। এ বছর ইফতার বিতরণ কর্মসূচির স্পন্সর ছিলেন রক্তিম সূর্য সংঘের সদস্য এস এম রিফাত এবং কামারকান্দি বিল্ডার্সের স্বত্বাধিকারী সবুজ মিয়াজী।
সংগঠনের সদস্য তৌফিক রুবেল বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম চালু থাকবে।”
রিটু সরকার বলেন, রক্তিম সূর্য সংঘ সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বিভিন্ন সময়ে সহায়তা দেওয়ার পাশাপাশি ঈদুল আজহায় কুরবানির মাংস বিতরণও করা হয়, যাতে সুবিধাবঞ্চিত মানুষও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে।
সংগঠনের আরেক সদস্য মাহাবুব হোসেন রনি (নকশী রনি) জানান, সামাজিক কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি বিভিন্ন সাংস্কৃতিক উদ্যোগেও সক্রিয় রয়েছে এবং আগামীতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।
এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।