পারভেজ সরকার,দেবিদ্বার।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনে হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বি, জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আঃ জসিম উদ্দিনের সদস্য পদ স্থগিত করেছে দলটি। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর থেকে এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুনের নির্দেশক্রমে তাঁর সদস্য পদ স্থগিত করার কথা উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, মোঃ আঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে ‘গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তাঁর লিখিত বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে নোটিশে জসিম উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়নি।
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জি. সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল না করলে বা জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ বিষয়ে কথা বলতে জসিম উদ্দিনের মোবাইলে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেন নি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে তিনি পেয়েছেন ৪৯,৮৮৫ ভোট।