১১ দলীয় জোট ‘জনগণের প্রতিনিধিত্বকারী’ দল: ডা. তাহের

‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

‎জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, দেশ এখন দুইভাগে বিভক্ত। একদিকে ১১ দলীয় জোট, অপরদিকে একটি একক দল। এই ১১ দলীয় জোটে মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদের দল, জুলাই বিপ্লবের সিপাহ সালাহর দল এনসিপি ও ইসলামী দলসমূহ রয়েছে। তিনি দাবি করেন, এই জোটই দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্বকারী শক্তি এবং “ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে।”

‎শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ডা. তাহের আরও বলেন, “বাংলাদেশ আজ একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি। আমরা কি অতীতের অন্ধকারে ফিরে যাবো, নাকি নতুন বাংলাদেশ গঠনের পথে এগোবো—আগামী নির্বাচন সেই সিদ্ধান্ত নির্ধারণ করবে।”

‎তিনি আরও সমালোচনা করে বলেন,

‎“একসময় বলা হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের বদলে ‘না’ দিতে। এখন জনগণের চাপের কাছে নতি স্বীকার করে আবার ‘হ্যাঁ’ বলা হচ্ছে। মৌলবাদ ও ইসলামের উত্থান নিয়ে যারা সমালোচনা করত, আজ তারাই বলছে দেশকে আল্লাহ ও রাসুলের আদর্শে পরিচালনা করবে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু অতীতের টেন্ডারবাজি ও চাঁদাবাজির রেকর্ড দেখে এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত—তা নিয়েই প্রশ্ন।”

‎সভায় ইউনিয়ন জামায়াতের আমীর ডা. মফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোশাররফ হোসেন বাহারের পরিচালনায় বক্তব্য দেন—জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. আবুল কালাম আজাদ বাশার, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেমসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দলের প্রতিনিধিরা।

‎এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীসহ ইউনিয়নের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।