গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার সেনা ক্যাম্প থেকে টহল দল অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে উপজেলার মাসিকারা এলাকা থেকে মোবারক হোসেন (৩২), সবুজ (৩২) ও আক্তার হোসেন (৪৮) নামে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে দেবিদ্বারসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনের মধ্যে দুইজনকে দুই মাস করে কারাদণ্ড এবং একজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট রাকিবুল ইসলাম।
অপরদিকে একই রাতে পরিচালিত আরেক অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল খালেক (৬২), ইব্রাহিম খলিল (৬৫) ও সাঈদ (২৫) নামে আরও তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০০ বোতল ফেনসিডিল, ২০ কেজি গাঁজা, ৫১ পিস ইয়াবা, নগদ ১৪ হাজার ৯০৫ টাকা এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানানো হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেবিদ্বার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় অপরাধ কর্মকাণ্ড কমেছে। এতে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা নিয়ে স্বস্তি ফিরে এসেছে এবং নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে জনগণের আস্থা বাড়ছে।