আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন

প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হিসেবে তিনি জন্মগ্রহণ করেন। দিনটি উপলক্ষে বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।

শিক্ষা ও প্রারম্ভিক জীবন

ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তারেক রহমান। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে স্নাতক পর্যায়ে পড়াশোনা শুরু করেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজ চিন্তাবিদের দর্শন অধ্যয়ন করেন। মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালেই তিনি রাজনীতির প্রতি আকৃষ্ট হন।

রাজনৈতিক পথচলা ও নেতৃত্ব

১৯৮৮ সালে পিতার জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তিনি বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনী প্রচারণা সমন্বয় করেন এবং সব কটি আসনেই দল বিজয়ী হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন।

এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি নির্যাতনের শিকার হন এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন। তাঁর ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনার ধারাবাহিকতায় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করলে গত ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

সরকারের ৯ মাসের উল্লেখযোগ্য পদক্ষেপ

দায়িত্ব গ্রহণের পর গত ৯ মাসে তারেক রহমানের সরকার বিভিন্ন খাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। অর্থনীতি ও ব্যাংকিং খাতে ঋণ আদায়ের প্রচেষ্টা জোরদার করায় খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। এ ছাড়া মার্কিন ডলার ও ভারতীয় রুপির বিপরীতে টাকার মান গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সামাজিক সুরক্ষা ও কৃষি খাতে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সেবা প্রাপ্তি সহজ করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ ও সুদ মওকুফ করা হয়েছে। প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ এবং ইমাম, মুয়াজ্জিন ও অন্য ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি ও বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধে সরকার ২ হাজার কোটি টাকা ছাড় করেছে। স্বাস্থ্য খাতে হেলথ কার্ড চালু ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পদক্ষেপ নেওয়া হয়েছে।

সুশাসন প্রতিষ্ঠা ও সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে সরকারি ব্যয় কমানো, অপ্রয়োজনীয় বিদেশ সফর ও যানবাহন কেনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রধানমন্ত্রীর চলাচলে সীমিত গাড়িবহর ব্যবহার এবং দীর্ঘ সময় সড়ক বন্ধ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সংসদের প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ‘রেইনবো নেশন’ বা বহুত্ববাদী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করা তারেক রহমান জলবায়ু সহনশীল ও মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে বৈশ্বিক মূলধারায় এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন।

সূত্র: (বাসস)