তারেক রহমানের সঙ্গে ড. খন্দকার মোশাররফের সাক্ষাৎ

রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গুলশান কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের নির্বাচনী ফলাফল ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৫৯ হাজার ৮০৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন। দাউদকান্দি ও মেঘনার ১৪৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে ড. মোশাররফ পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৩০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান বাহলুল পেয়েছেন ৯০ হাজার ৪৯৯ ভোট।
সাক্ষাৎকালে তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।
অন্যদিকে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনও পৃথকভাবে গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। দলীয় সূত্র জানায়, সাক্ষাৎকালে সাংগঠনিক বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ কুমিল্লা-১ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।