মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর।।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় নুরুল ইসলাম (৬০) নামের একজন জনের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার চাপিতলা বাসস্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম চাপিতলা গ্রামের সমশের উদ্দিনের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
জানা যায়, চাপিতলা গ্রামের রাজমিস্ত্রী নুরুল ইসলাম তার পৈতৃক বাড়ী ছেড়ে বিলের মাঝে নতুন বাড়ীর কাজ করছিলেন। সেসময়ই হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের ক্ষতি থেকে বাঁচাতে ঘরের খুটি আঁকড়ে ধরে রেখেছিলেন নুরুল ইসলাম। ঝড়ে তার নির্মাণাধীন ঘরটি পড়ে যায়। সেসময় তিনি ঘরের নিচে চাপা পড়ে মারা যায়।
ঝড়ের আগে তার সাথে থাকা স্ত্রী ও সন্তান পাশের একটি বাড়ীতে আশ্রয় নেয়ায় তারা প্রানে বেঁচে যায়।
চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুছা আল কবির বলেন, ঝড়ে তার নির্মাণাধীন ঘরটি পড়ে যায়। সে সময় তিনি ঘরের নিচে চাপা পড়েন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।