স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় আট কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে দেবিদ্বার পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২১ মে) বিকালে বিশেষ ক্ষমতা আইনে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।
ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদ গেইট সংলগ্ন এলাকায় তামিম ইকবাল নামে এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলা চালায় একদল কিশোর। পরবর্তীতে হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ো পড়লে তৎপর হয়ে উঠে পুলিশ। এ ঘটনায় বুধবার রাতে দেবিদ্বার থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ২০ কিশোরকে আটক করে। পরে যাচাই-বাছাই শেষে আটজনকে আটক রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।
আটককৃতরা হলেন, দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ার মোঃ সোহরাব খানের ছেলে জাবেদ (১৯), মুরাদনগর উপজেলার পাইয়র বাড়ীর আমির হোসেনের ছেলে মোঃ তুহিন (২০), দেবিদ্বার পুরাতন বাজার এলাকার শাহ জালালের ছেলে শাহিন (২০), দেবিদ্বার উপজেলার পিরোজপুর গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে মোঃ শাহিন (১৮), বানিয়াপাড়ার নুরনবীর ছেলে মোঃ শাহাদাত (১৯), বানিয়াপাড়ার আব্দুল মান্নানের ছেলে সাকিবুল হাসান (১৮), বানিয়াপাড়ার আল আমিনের ছেলে মোঃ সাইমন (১৮) এবং বানিয়াপাড়ার মবিন মিয়ার ছেলে মোঃ ফয়সাল (১৮)।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুজ্জামান বলেন, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০জন আটক করা হয়েছে। পরবর্তীতে যাচাই বাছাই শেষে ১২জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ৮জনকে গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দেবিদ্বারে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব বলতে কিছুই রাখা হবে না, আমরা কঠোর হাতে তা দমন করব।