স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞানমনস্কতা, উদ্যোক্তা চিন্তাভাবনা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত “Startup, Science Project and Innovation Idea Showcasing Programme” মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর ইউসুফ হাই স্কুল প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে Educational Excellence Support Scheme (EESS)-ACDP।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন স্টল পরিদর্শন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ আইডিয়া ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তোমাদের এই আয়োজন ও উদ্ভাবনী চিন্তা দেখে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আমাদের দেশ এগিয়ে যাবে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে প্রযুক্তির জন্য বিদেশের ওপর নির্ভর করতে হবে না, তোমরাই যথেষ্ট। তোমাদের মতো মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবো, যাতে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক মেলার মাধ্যমে দেশের উদ্ভাবনী প্রযুক্তিগুলো বাছাই করে যথাযথ গুরুত্ব দেওয়া হয় এবং জাতীয় পর্যায়ে এগুলোকে এগিয়ে নেওয়া যায়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, ইউসুফ হাই স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, কৃষি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণাভিত্তিক চিন্তাভাবনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।