দেবিদ্বারে মব সৃষ্টি করে প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

দেবিদ্বার প্রতিনিধি।।
​কুমিল্লার দেবিদ্বারে মব সৃষ্টি করে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। সোমবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে উপস্থিত শিক্ষক নেতারা বলেন, উপজেলার ব্রাহ্মণখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ আলমের ওপর পরিকল্পিতভাবে মব তৈরি করে হামলা চালানো হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ (এসএমসি) গঠন নিয়ে তৈরি হওয়া বিরোধের জেরেই এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​মান্ববন্ধ‌নে বক্তব্য রা‌খেন বাকসার প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান ভুইয়া, ছেপাড়া প্রাথ‌মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোঃ নাজমুল হাছান, মো আশিকুর রহমান সরকার, আফরিনা সুলতানা দিনা, মাহফুজা আক্তার, মো. ইসমাইল হোসেন প্রমূখ।