ব্রাহ্মণপাড়ায় ফয়েজীয়া রাজ্জাকীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় দোলনা, স্লিপার ও ইনডোর গেমস আইটেমের উদ্বোধন

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে অবস্থিত “ফয়েজীয়া রাজ্জাকীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা”য় শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও মানসিক বিকাশের লক্ষ্যে দোলনা, স্লিপার এবং বিভিন্ন ইনডোর গেমস আইটেমের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামিক বক্তা হযরত মাওলানা অধ্যক্ষ মোশতাক ফয়েজী পীর সাহেব। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেক, সিনিয়র শিক্ষক মাওলানা ওয়াদুল্লাহ, সিনিয়র শিক্ষক মো. বাসির উদ্দিন (বিএসসি), শিক্ষক ফারুক আহাম্মদসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উদ্বোধনকালে বিশিষ্ট ইসলামিক বক্তা অধ্যক্ষ মোশতাক ফয়েজী পীর সাহেব বলেন, ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যেখানে ইবাদতের পাশাপাশি শরীর ও মনের সুস্থ বিকাশের প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে। সুস্থ, সুন্দর ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে লেখাপড়ার পাশাপাশি বৈধ বিনোদন ও খেলাধুলারও প্রয়োজন রয়েছে।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন আনন্দ পাবে, তেমনি তাদের শারীরিক ও মানসিক বিকাশও ত্বরান্বিত হবে। আমাদের প্রত্যাশা, তারা দ্বীনি শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে নিবেদিত আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং শিক্ষার্থীদের নেককার, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে কবুল করুন।