নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার।।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সন্ধ্যায় একাডেমিতে গান, কবিতা ও কথামালার মধ্য দিয়ে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার এস. এম. টি কামরান হাসান।

বিশেষ অতিথি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হাসানাত বাবুল, সাংস্কৃতিক সংগঠন “ঐতিহ্য কুমিল্লা”-র প্রতিষ্ঠাতা সভাপতি, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি মোঃ নাহিদুজ্জামান রানা, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব, দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর আলম, কুমিল্লা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনের দিশারী। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে রবীন্দ্রচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। আমরা নজরুল বর্ষে আছি। এ যেন এক মেলবন্ধন। নজরুল-রবীন্দ্রনাথের দর্শন আমাদের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। একটি স্বচ্ছ, সুন্দর ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে তাঁর সৃষ্টিকে আমাদের প্রাত্যহিক জীবনে ধারণ করতে হবে।