এসএসসি পরীক্ষায় কুমিল্লা জেলায় সেরা দেবিদ্বারের ইভা, হতে চান মানবিক চিকিৎসক

সৈয়দ খলিলুর রহমান, সিনিয়র রিপোর্টার।।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অসাধারণ ফলাফল অর্জন করে জেলায় ১ম স্থান অধিকার করেছে দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা ইভা। ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২১৭ নম্বর পেয়ে এ অনন্য কৃতিত্ব অর্জন করেছে সে।

​জাকিয়া সুলতানা ইভা দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের সন্তান। তার বাবা মোহাম্মদ জামাল হোসেন ও মা শাহিনুর আকতার—উভয়েই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাবা-মায়ের নিরবচ্ছিন্ন অনুপ্রেরণা, বিদ্যালয়ের শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং নিজের অধ্যবসায়ের ফলেই এ অর্জনে পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ইভা।

​নিজের ভবিষ্যৎ স্বপ্ন ও পরিকল্পনা সম্পর্কে জাকিয়া সুলতানা ইভা বলে, “ভবিষ্যতে মেডিকেলে পড়াশোনা করে একজন মানবিক চিকিৎসক হতে চাই। চিকিৎসা সেবাকে মাধ্যম করে আজীবন মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”

​মেয়ের এ ফলাফলে আবেগপ্লুত বাবা মোহাম্মদ জামাল হোসেন বলেন, “এই কৃতিত্ব শুধু আমাদের একার পরিবারের নয়, পুরো দেবিদ্বারের শিক্ষাঙ্গনের জন্য গর্বের। ইভার এই সফলতা উপজেলার অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলে অনুপ্রাণিত করবে। আমার মেয়ের জন‌্য দেশবাসীর নিকট দোয়া চাই।”

​দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান ইভাকে অভিনন্দন জানিয়ে বলেন, “জাকিয়ার এই অবিস্মরণীয় সাফল্যে বিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার মেধা ও নিয়মিত পরিশ্রমের এই স্বীকৃতি ভবিষ্যৎ পথচলায় আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগাবে।”