গাজী রুবেল।।
এসএসসি-২০২৬ পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল। এবারের পরীক্ষায় বিদ্যালয়টির মোট ১৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৬৬ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ৮৮.৩০ শতাংশ। এর মধ্যে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ পেয়েছে ২৯ জন শিক্ষার্থী।প্রকাশিত ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকদের আন্তরিকতা ও পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতা ও তদারকির সমন্বিত ফল হিসেবেই এই সাফল্য এসেছে। ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির বলেন, ভালো ফলাফল অর্জনের পেছনে পরিশ্রমের কোনো বিকল্প নেই। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা, ডেডিকেশন, জবাবদিহিতা, তদারকি, যথাযথ মনিটরিং সিস্টেম এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে।
পাশাপাশি এই তিন পক্ষের মধ্যে সুসমন্বয় থাকাও ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, বিগত তিন বছর ধরে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল। ২০২৩ ও ২০২৪ সালে পাসের হারে উপজেলায় প্রথম এবং ২০২৫ সালে পাসের হারে উপজেলায় দ্বিতীয় হয়েছিল বিদ্যালয়টি।
প্রধান শিক্ষক আরও বলেন, অল্প সময়ের অভিজ্ঞতায় একটি বিষয় উপলব্ধি করেছি। আপনি যদি মনে করেন আপনার প্রতিষ্ঠানটি যেভাবে চলছে, সেভাবেই চলুক, তাহলে আপনার তেমন কোনো কাজ নেই। কিন্তু আপনি যদি চান প্রতিষ্ঠানটি ভালোভাবে পরিচালিত হোক এবং শিক্ষার্থীরা ভালো ফলাফল করুক, তাহলে আপনাকে অনেক পরিশ্রম ও কাজ করতে হবে।
তিনি জানান, শিক্ষার মানোন্নয়ন এবং ধারাবাহিক ভালো ফলাফল ধরে রাখতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের তদারকি, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে।
এদিকে, ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল করিম ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, “বিদ্যালয়টির এই ভালো ফলাফলের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও ডিসিপ্লিনের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক তদারকির কারণেই এ ধরনের ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা স্কুলটি সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল ইতোমধ্যে ভালো ফলাফলের যে ধারাবাহিকতা তৈরি করেছে, আগামী দিনেও তারা তা ধরে রাখবে বলে আমরা আশাবাদী। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য বিদ্যালয়ের বর্তমান শৃঙ্খলা, পরিশ্রম ও নিয়মিত তদারকি অব্যাহত রাখতে হবে। আমি বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
বিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, এবারের ফলাফল শুধু একটি অর্জন নয়, বরং ভবিষ্যতের আরও ভালো ফলাফলের জন্য একটি শক্ত ভিত্তি। পরিশ্রম, শৃঙ্খলা, নিয়মিত তদারকি এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আগামী দিনগুলোতেও ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে এমন প্রত্যাশাই তাদের।