নাজিম উদ্দিন, মুরাদনগর।।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা শাখার ২০২৬-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদ নির্বাচনে বিজয়ী হয়েছেন সোনিয়া লাইব্রেরির সত্ত্বাধিকারী শরীফ আহাম্মদ।
সোমবার (১০ই আগষ্ট) সকালে উপজেলার নগরপাড় মুন মডেল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিজয়ী হন।
সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন সোনিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মো. শরীফ আহম্মেদ এবং ছাত্র বন্ধু লাইব্রেরির স্বত্বাধিকারী আব্দুর রহিম।
ভোট গণনা শেষে শাহজাহান-শরীফ-করিম সম্মিলিত ঐক্য পরিষদ প্যানেল মনোনীত প্রার্থী শরীফ আহম্মেদ ১৭ভোট পেয়ে জয় লাভ করেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম পেয়েছেন ১৪ ভোট।
এর আগে সমিতির সভাপতি শাহজাহান সরকার, কোষাধ্যক্ষ আব্দুল করিম অন্যান্য পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচনের ফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক তারিক ওবায়দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান মিজান, নীতিমালা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আব্দুল হালিম, এবং মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা শাখার পুস্তক ব্যবসায়ীবৃন্দ।