আহনাফ তিহামী,দাউদকান্দি-তিতাস।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচ বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের পুরো অংশ পুড়ে গেছে। তবে বাসের যাত্রীরা নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। পরে আগুনে পুরো বাসটি পুড়ে যায়।

স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন দেখে আমরা দৌড়ে ঘটনাস্থলে আসি। বাসের সব যাত্রী নিরাপদে বের হতে পেরেছেন। তবে আগুনটি ভয়াবহ ছিল। পুরো বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, আগুন দেখে দ্রুত সড়কে যাই। বাস থেকে যাত্রীরা নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। এটি একটি ভয়াবহ ঘটনা ছিল। বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে এসে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিই। এতে তেমন কেউ হতাহত হননি। তবে চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে চলে গেছেন।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।