দাউদকান্দিতে মানবিক ফাউন্ডেশনের উদ্যোগ পাঁচ বছর পর বাজারখোলা, নয়াচর, সংযোগে কাঠের সেতু নতুন করে নির্মাণ
আহনাফ তিহামী, দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের হরিণা বাজারখোলা, ঠেটালিয়া ও নয়াচর এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নতুন করে নির্মাণ করা হয়েছে কাঠের সেতু। প্রায় পাঁচ বছর ধরে কাঠের সেতুটির সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে হরিণা বাজারখোলা–ঠেটালিয়া–নয়াচর সংযোগ সেতুটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক ও দাউদকান্দি মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আসিফ কবির।
সেতুটি নির্মাণে সার্বিক অর্থায়ন ও সহযোগিতা করেন দাউদকান্দি মানবিক ফাউন্ডেশনের সহপ্রবাসী বিষয়ক সম্পাদক জামান সরকার। মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে কাঠের সেতুটি নতুন করে নির্মাণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কাঠের সেতুটি জরাজীর্ণ থাকায় প্রতিদিন চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হতো। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, বয়স্ক ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঝুঁকি নিয়ে সেতু পার হতে হতো। বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যেত।
তাঁরা বলেন, এই কাঠের সেতুটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আমাদের চলাচলে অনেক কষ্ট হতো। এখন নতুন করে সেতুটি নির্মাণ করায় আমাদের দুর্ভোগ অনেকটাই কমবে। মানবিক ফাউন্ডেশনের প্রতি আমরা কৃতজ্ঞ।
আরেক স্থানীয় বাসিন্দা বলেন, প্রতিদিন এই সেতু দিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। এটি আমাদের চলাচলের অন্যতম ভরসা। সেতুটি নষ্ট থাকায় রোগী নিয়ে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছিল। এখন নতুন সেতু হওয়ায় সহজেই রোগীসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলাচল করতে পারব।
স্থানীয়দের ভাষ্য, কাঠের সেতুটি নতুন করে নির্মাণ হওয়ায় পাঁচগাছিয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়ায় তাঁরা উদ্যোগটির জন্য মানবিক ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, দপ্তর সম্পাদক সরকার আরিফ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আহনাফ তিহামীসহ স্থানীয় বাসিন্দা খোকন প্রধান, হারুনুর রশিদ প্রধান, সামসু প্রধান, শামিম সরকার, সৌরভ সরকার, দয়াল ভক্ত, রাম, দুলাল ও সুবলসহ অনেকে।
সেতুটির নির্মাণকাজে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয়রা দাউদকান্দি মানবিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।