আহনাফ তিহামী,দাউদকান্দি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে ২৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন—ফেরদৌস, কৌশি, যাওয়াত, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা, তানজিনা, জান্নাতুল মাওয়া, তানহা, সাইদুর রহমান ও নাজমুল হাসান। তাঁদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তাঁরা কলেজ থেকে বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৮৭৪৭।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ২৪ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, বাস দুর্ঘটনায় জরুরি বিভাগে মোট ২৪ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন আহত হয়েছেন। আহত ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৪ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দূরপাল্লার যাত্রায় চালকদের বেপরোয়া গতি ও অসতর্কতা এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষ করে রাতের বেলায় দীর্ঘ পথযাত্রার ক্ষেত্রে চালকের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাসের ফিটনেস, চালকের দক্ষতা ও গতিসীমা কঠোরভাবে তদারকি করা প্রয়োজন। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে।