ব্রাহ্মণপাড়ায় কীটনাশক পানে অসুস্থ যুবকের ঢাকায় মৃত্যু
গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঘাস মারার কীটনাশক (বিষ) পান করে গুরুতর অসুস্থ হওয়া হাবিব (২৫) নামের এক যুবকের ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাবিব উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাড়ির পাশে ঘাস মারার বিষ পান করেন তিনি। কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
হাবিবের মামা ফরিদ জানান, হাবিব গত ১০-১২ বছর ধরে ঢাকার একটি হোটেলে কাজ করতেন। সম্প্রতি হোটেল থেকে ৮-১০ দিনের ছুটি নিয়ে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। শনিবার সকালে বাড়ির পাশে বিষ পান করার পর তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তবে কী কারণে হাবিব ঘাস মারার বিষ পান করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বিষপানের ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, হাবিবের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।