গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী ও বিভিন্ন মামলায় পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ১০ জন এবং পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক ৫ আসামিসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক সেবনের অভিযোগে বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মো. ফরহাদ (১৯) ও মো. হোসাইন (২০), ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা এলাকার মো. মামুন (৪৫), পূর্বপাড়া এলাকার মো. হেলাল (৩৫), ধানদৌল গ্রামের মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৪৫), দুলালপুর পশ্চিমপাড়ার জোবায়ের সরকার (২২), সিদলাই গ্রামের জনি (২২), নবীনগর উপজেলার বাঙ্গুরা গ্রামের মো. রাসেল মিয়া (২৭), মো. সজিব (২৩) ও মো. শাহীন (২৪)কে গ্রেফতার করা হয়।
এ ছাড়া শশীদল ইউনিয়নের শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগাহ সংলগ্ন হরিমঙ্গল-বাগড়া বাজার সড়কের পাশে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় জনি নামে একজনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, দুটি মামলায় পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি আহাম্মেদ হৃদয় হাসান (২০)কে দক্ষিণ শশীদল এলাকা থেকে এবং জিআর পরোয়ানাভুক্ত মো. মনির হোসেন (২৬)কে টাটেরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া দুলালপুর এলাকা থেকে মো. মনির এবং বড়ধুশিয়া এলাকা থেকে মো. আব্দুল হাকিম (২২)কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে কুমিল্লা জেলা আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “মাদক সেবনের অভিযোগে ১০ জন এবং পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক ৫ জনসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।