গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় চাপা পড়ে ওমর ফারুক ( ৪ ) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামের দক্ষিণ মোল্লা বাড়ির সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওমর ফারুক বাড়ির ভেতর থেকে দৌড়ে বাড়ির পাশের সড়কে আসলে একটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবিহা তাবাসসুম প্রমা বলেন, শিশুটিকে যখন হাসপাতালে মিয়ে আসে, তখন পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। শিশুটি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, সড়কে অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।