ফলকে নিজের নাম দেখে ভবন উ‌দ্বোধন না করেই ফিরলেন এমপি হাসনাত আবদুল্লাহ

পারভেজ সরকার, দেবিদ্বার।।

উদ্বোধনী নামফলকে নিজের নাম দেখে ভবন উ‌দ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। গতকাল শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকার রাধানগর উচ্চ বিদ্যালয়ের একটি নতুন একাডেমিক ভবন উদ্বোধনে কা‌লে এই ঘটনা হয়।

এদিকে রোববার এ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। নেটিজেনদের একটি বড় অংশ প্রথাগত চাটুকারিতা ও ব্যক্তিপূজার সংস্কৃতির বিরুদ্ধে এটিকে একটি ইতিবাচক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে কিছু সমালোচক বিষয়টিকে রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল বলেও মন্তব্য করেছেন।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে ভবনটির নামফলক উন্মোচনের মুহূর্তে দেয়ালে নিজের নাম খোদাই করা দেখতে পেয়ে তিনি ভবন উ‌দ্বোধ‌নে আপ‌ত্তি জানান এবং ভবন উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ছাড়েন।

ঘটনাস্থলে হাসনাত আবদুল্লাহ আয়োজকদের উদ্দেশ্য করে বলেন, জনগণের করের টাকায় নির্মিত কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তিবিশেষের নাম ব্যবহারের রাজনৈতিক সংস্কৃতি তিনি সমর্থন করেন না। জনপ্রতিনিধি বা নেতাদের আত্মপ্রচারের জন্য নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধের ওপর জোর দেন তিনি।

অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ। তিনি জানান, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুতই নামফলকটি পরিবর্তন করে পুনর্স্থাপন করা হবে।

এ বিষ‌য়ে নিজের অবস্থান পরিষ্কার করে হাসনাত আব্দুল্লাহ জানান, প্রথাগত রাজনৈতিক ব্যক্তিপূজা বা আত্মপ্রচারের সংস্কৃতি নতুন বাংলাদেশে দেখতে চান না। জনগণের টাকায় উন্নয়নকাজ বাস্তবায়িত হয়, তাই নামফলকে ব্যক্তিবিশেষের নাম না রেখে কেবল দেশের নাম বা প্রতিষ্ঠানের ঐতিহাসিক তথ্য থাকা উচিত। ভবিষ্যতে তাঁর নির্বাচনী এলাকার কোনো উন্নয়নমূলক কাজের ফলকে যেন তাঁর নাম ব্যবহার করা না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।