নগরবাসীর সেবা সহজ করতে কুমিল্লা সিটি করপোরেশন চালু করলো ‘আমার কুমিল্লা’ আ্যপ

স্টাফ রিপোর্টার।।

নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) চালু করেছে ‘আমার কুমিল্লা’ নামে একটি নাগরিক সেবা অ্যাপ। এর মাধ্যমে ঘরে বসেই নগরের বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবা-সংক্রান্ত অভিযোগ সিটি করপোরেশনকে জানাতে পারবেন নগরবাসী।

সোমবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, সনাক কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খানসহ অতিথিরা।

অনুষ্ঠানে ইউসুফ মোল্লা টিপু বলেন, কিউআর কোড স্ক্যান করে মোবাইল ফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপটির মাধ্যমে নগরবাসী তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগের তথ্য সরাসরি সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানাতে পারবেন।

তিনি বলেন, কোনো সমস্যা বা অভিযোগ পাওয়ার পর তা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। দায়িত্ব পালনে কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কুসিক প্রশাসক বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সঙ্গে সিটি করপোরেশনের যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে নগরের সমস্যা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।