দেবিদ্বারে বাজার মনিটরিং, ৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা

পারভেজ সরকার, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ পার্কিং ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অভিযোগে ৮টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে দেবিদ্বার পৌরসভার বিভিন্ন এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকান, মুদি দোকান ও কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ফকির ইলেক্ট্রনিক্সের মালিক জামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনজন মুদি দোকানদারকে মোট ৭ হাজার টাকা এবং একজন কাঁচা সবজি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে পার্কিং করে সড়কে যানজট সৃষ্টি করায় দুই বাসচালককে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণের দায়ে এক হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট ৮টি মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় বাজারের সবজি ব্যবসায়ীদের দোকানে হালনাগাদ ও সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং পণ্য কেনার বাউচার বা চালান সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত, ভোক্তা অধিকার সংরক্ষণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের বাজার মনিটরিং এবং আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।