মোঃ জাহাঙ্গীর আলম, মেঘনা।।
কুমিল্লার মেঘনা-তিতাস সীমান্তবর্তী চরবাটেরা গ্রামে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মো. জাকির হোসেনের একটি পুরোনো বসতঘর পুড়ে গেছে। জাকির হোসেন কোহিনুর হত্যা মামলার ৫৫ নম্বর আসামি।
বুধবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে চরবাটেরা গ্রামের মৃত ছালামত মিয়ার ছেলে জাকির হোসেনের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। এ কারণে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ঘটনার সময় ওই এলাকায় লোকজনের উপস্থিতিও ছিল খুবই কম বলে জানা গেছে।
স্থানীয়ভাবে আরও জানা যায়, জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আলীপুর-বিনোদনপুর এলাকায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে চরবাটেরা গ্রামসহ আশপাশের এলাকা অনেকটাই জনশূন্য রয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো প্রত্যক্ষ তথ্য পাওয়া যায়নি।
তবে আগুনে আশপাশের কোনো বসতঘর বা স্থাপনার ক্ষতি হয়নি। শুধুমাত্র জাকির হোসেনের পুরোনো বসতঘরটিই পুড়ে গেছে। ঘরটিতে তেমন কোনো আসবাবপত্র ছিল না। সেখানে একটি পুরোনো স্টিলের আলমারি ও একটি শোকেস ছিল বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য নিতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় খোঁজ করা হলেও দীর্ঘ সময় চেষ্টা করেও কোনো বাসিন্দার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।