তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।
কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ফয়সাল নামে এক যুবকের।
ঘটনাটি ঘটে সোমবার (১২ অক্টোবর) দুপুর ১১ টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন। নিহত ফয়সাল (২২) বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ফয়সাল (২২) তার একজন বন্ধুকে নিয়ে জিকসার মনোটন মোটরসাইকেল যোগে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজার থেকে বুড়িচং উপজেলার কংশনগর বাজারে যাওয়ার পথে গঙ্গানগর দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন পৌঁছার পর কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া গামী একটি (ঢাকা মেট্রো-ব-১৪-৪১৫৫ নং) যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অপর মোটরসাইকেল আরোহী অজ্ঞাত (২২) মারাত্মক আহত হন। তাকে দ্রুত ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা বাসটিকে আটক করে রাখে। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে দেবীদ্বার থানার একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করেন।
এ ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া মীরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোনে জানান, আমরা ঘটনাস্থলে আছি। এখানে দুর্ঘটনার কোন আলামত পাইনি। লাশ, মোটরসাইকেল, বাস কোন কিছুই দেখতে পাচ্ছিনা। স্থানীয়রাও কিছু বলতে পারছেননা। আমরা বেলা সোয়া ৩ টা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করছি।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠিয়েছি। শুনেছি সড়ক দুর্ঘটনার কোন আলামত পায়নি।