দেবিদ্বারে গ্যাস ফিল্ডে ডাকাতি, নিরাপত্তাকর্মীদের বেঁধে মারধর; গ্রেপ্তার ৫

পারভেজ সরকার:

কুমিল্লার দেবিদ্বারে চরবাকর গোমতী গ্যাস ফিল্ডে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৭ অক্টোবর দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা বেঁধে রাখা এবং বৈদ্যুতিক তার, পানির পাম্প ও নগদ টাকা লুটের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত রোববার (২৫ অক্টোবর) রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. নুরুল্লাবী (৪৭), মহিউদ্দিন (৪০), সামাদ হোসেন (২৭), মো. জসিম (৪১) ও করিম মজুমদার (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ৯ থেকে ১০ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে গ্যাস ফিল্ডে প্রবেশ করে। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা বেঁধে রাখে। পরে গ্যাস ফিল্ডের ভেতর থেকে বৈদ্যুতিক তার, পানির পাম্প ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় মোহর আলী (৬০) নামে এক নিরাপত্তাকর্মী আহত হন। পরে তাঁকে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গ্যাস ফিল্ডে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।