এইচএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর মৃত্যু, চিরকুটে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক রিপোর্ট।।

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সাতক্ষীরার তালা উপজেলায় হৃদয় সরদার (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হৃদয় সরদার দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যাশিত ফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হৃদয়। পরিবারের সদস্যদের অজান্তে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

এদিকে, মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা, মা-বাবার প্রতি অনুশোচনা এবং ফলাফলের জন্য একজন শিক্ষকের ভুলের বিষয়টি উল্লেখ করেছেন হৃদয়। চিরকুটের শেষাংশে মা-বাবার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দা শেখ ইয়াসিন বলেন, খবরটি ছড়িয়ে পড়ার পর পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে। হৃদয় ভালো ছেলে ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস