আগামী ১৫ বছরেও আ’লীগের রাজনীতি করার অধিকার নেই: ড. খন্দকার মারুফ হোসেন

আহনাফ তিহামী, দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া, ধনেশ্বর, চশই, গবরখোলা সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার ১০ নং মারুকা ইউনিয়নের সিদ্দিক মেম্বারের বালুর মাঠসংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, হাসিনা এই দেশ থেকে পালিয়েছে। আমি মনে করি এই দেশের মানুষ মনে করে, আগামী ১৫ বছরেও হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমরা উন্নয়নে বিশ্বাসী। আমাদের উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে হাসিনা এবং আওয়ামী লীগের সব ষড়যন্ত্র পানির সঙ্গে ধুয়ে যাবে।

তিনি আরও বলেন, আমরা আপনাদের সামনে উন্নয়নের অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চাই। তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রগতি ও মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে আমরা কাজ করতে চাই।

তিনি বলেন, আমরা চাই, উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক। আপনাদের সঙ্গে নিয়ে এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। উন্নয়ন ও অগ্রগতির মধ্য দিয়েই সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। ইনশাআল্লাহ, ২০৩১ সালে আমরা যখন ক্ষমতা হস্তান্তর করব, তখন উন্নয়নের সুফল জনগণের হাতে তুলে দিয়েই যাব। আগামী দিনেও জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।

ড. খন্দকার মারুফ হোসেন আরও বলেন, আসুন, আমরা উন্নয়নের পক্ষে কাজ করি, দেশের পক্ষে কাজ করি। জনগণকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মো. সেলিম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, মারুকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহনাজ ভূঁইয়া এবং মারুকা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।