ডেস্ক রিপোর্ট।।
সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির সদস্যরা।
আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ১৭ দিন আগে পরীমনির সঙ্গে তাঁদের চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের অসম্মান করার অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাঁকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আয়োজক কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে শুক্রবার রাতে পরীমনি নিজের ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’
পোস্টারটি শেয়ার করার পর জাতীয় দৈনিকের এক প্রতিবেদক আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে লেখেন, তাঁদের সহকর্মী দৈনিক সমকালের সাংবাদিক রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে আয়োজকদের বিকল্প অতিথি খুঁজে নেওয়া উচিত।
এরপর বিষয়টি চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। তাঁদের প্রতিবাদের মুখে আয়োজকরা পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেন।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: কালের কণ্ঠ