পারভেজ সরকার, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বারে ওভারলোডেড ট্রাক চলাচল, অবৈধ ইটভাটা ও কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে জাফরগঞ্জ-বিষ্ণুপুর এলাকায় গোমতী নদীর উপরে সংযোগ সেতু এবং নদীর ভাঙ্গন রোধ করতে লুপ কাটিংয়ের বিষয়ে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, এলাকার নবনির্মিত রাস্তাঘাট কিছু অসাধু ব্যবসায়ী ও মাটিচোরদের কারণে মাত্র ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের প্রতিবছর এসব রাস্তা মেরামতের জন্য দেদারসে টাকা খরচ করার সামর্থ্য নেই।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেবিদ্বার-চান্দিনা সড়কে এখন থেকে কোনো ওভারলোডেড ট্রাক পাওয়া গেলে কিংবা তদবির করে ছাড়ানোর চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। নিজের দলের বা যত প্রভাবশালীই হোক, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে ট্রাক ওভারলোড অবস্থায় পাওয়া যাবে, তাকে এক কিলোমিটার রাস্তা নিজ খরচে তৈরি করে দিতে হবে।
অবৈধ ইটভাটা ও কৃষিজমি থেকে মাটি কাটার বিষয়ে তিনি বলেন, যারা নতুন করে ইটভাটার চুঙ্গা নির্মাণ করছেন কিংবা অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের সতর্ক হওয়া উচিত। দেবিদ্বারে কোনো অবৈধ ইটভাটা বা চুল্লি চলতে দেওয়া হবে না। প্রয়োজনে ইট তৈরি করার পরও সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
মাটি কাটার সঙ্গে স্থানীয়দের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, মাটিখেকো ও অপরাধীদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। পুলিশ প্রশাসনের পর্যাপ্ত যানবাহন ও লজিস্টিক সাপোর্টের অভাবে সব সময় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তাই অন্যায়কারীদের বিরুদ্ধে স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যত বড় প্রভাবশালী বা রাজনৈতিক নেতা হোক, অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, দেবিদ্বারে রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের মূলত দুটি পক্ষ একটি অপরাধী চক্র, অন্যটি সাধারণ জনগণ। একটি দুর্নীতিবাজ শ্রেণি, অন্যটি সাধারণ মানুষ। আমরা সবাই অপরাধের বিপক্ষে।