দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুরে আরডিবি মৎস্য প্রকল্পের জমির মালিকদের লিজের দুই লাখ টাকা এবং ধানের জমির সেচের প্রায় দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ছাড়া স্থানীয়দের সঙ্গে বিরোধে জড়ানো ও রাজনৈতিক মামলায় হয়রানির অভিযোগে প্রকল্পের চলতি বছরের লিজ প্রদান কমিটির সেক্রেটারি আলমগীর হোসেনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় রায়পুর বাজার এলাকায় আয়োজিত সভায় এসব অভিযোগ তুলে ধরেন তাঁরা। এতে স্থানীয় প্রায় শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন দেলোয়ার হোসেন, শান্তি মিয়া, আব্দুস সাত্তার, কবির হোসেন, আব্দুর রহমান ও হনুফা বেগমসহ কয়েকজন। বক্তারা অভিযোগ করেন, জমির মালিকদের বাৎসরিক লিজের পাওনা থেকে দুই লাখ টাকা এবং দুই বছরের সেচ বাবদ প্রায় দেড় লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ছাড়া তুচ্ছ বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘাতে জড়ানো ও রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, পাওনা টাকা ফেরত এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়দের ভাষ্য, আলমগীর হোসেন পেশায় একজন গাড়িচালক। এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট। প্রতিহিংসামূলকভাবে এসব অভিযোগ তোলা হয়েছে।