দেবিদ্বারে মাদক সেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

পারভেজ সরকার, দেবিদ্বার।।

কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য সেবনের দায়ে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. নাইম (১৯) এবং একই গ্রামের মৃত শাহজাহানের ছেলে মো. মাজহারুল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।