মেঘনায় এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত, সাংবাদিকদের সম্মাননা প্রদান

মেঘনা প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতাকর্মীদের পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্থানীয় জনস্বার্থে দলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই অনুষ্ঠানে উপজেলার সাংবাদিকদের পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৪টায় মেঘনা উপজেলায় এনসিপির প্রধান কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি মেঘনা উপজেলার আহ্বায়ক এম কে রশিদ, সদস্য সচিব নাজিমুজ্জামান ছোটন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব স্বপন মাহমুদ আলভী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সিনিয়র যুগ্ন আহবায়ক রাসেল রেদওয়ান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব স্বপন মাহমুদ।

মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা।

সভায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত করা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নেতারা।

এ সময় মেঘনা উপজেলার সাংবাদিকদের সংবাদ পরিবেশন, পেশাগত দায়িত্ব পালন ও জনস্বার্থে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ তুলে ধরে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন।

পরিচিতি সভার মধ্য দিয়ে এনসিপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সাংগঠনিক সমন্বয়্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতারা।