আহনাফ তিহামী, দাউদকান্দি প্রতিনিধি:
সেতুর মাঝের অংশ দেবে গেছে, পিলারে ফাটল। কোথাও খসে পড়েছে পলেস্তারা, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। ঝুঁকিপূর্ণ সেতুটি টিকিয়ে রাখতে স্থানীয় বাসিন্দারা নিজেরাই লোহার রড দিয়ে অস্থায়ী ঠেকনা তৈরি করেছেন। ইট, বালু ও সিমেন্ট দিয়ে পিলার মেরামতের চেষ্টা করেও কাটেনি আতঙ্ক। সেতুতে উঠলেই বুক ধড়ফড় করে পথচারী ও শিক্ষার্থীদের।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ও পাঁচগাছিয়া ইউনিয়নের সংযোগস্থলে ভবানীপুর-তুলাতলী খালের ওপর নির্মিত সেতুটির এমন বেহাল অবস্থা। প্রায় ১২ বছর ধরে সেতুটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এটি দিয়ে অন্তত ১০ গ্রামের মানুষ যাতায়াত করেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝের একটি পিলার দেবে গেছে। বিভিন্ন স্থানে ফাটল, পলেস্তারা খসে পড়া ও রড বেরিয়ে রয়েছে। অস্থায়ী ঠেকনা দিয়ে কোনো রকমে সেতুটি টিকিয়ে রাখা হয়েছে। ঝুঁকি নিয়েই চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালের দিকে সেতুর মাঝের পিলার ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। পরে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে লোহার রড দিয়ে ঠেকনা তৈরি এবং ইট, বালু ও সিমেন্ট দিয়ে মেরামতের চেষ্টা করেন। তবে স্থায়ী সংস্কার বা পুনর্নির্মাণ হয়নি।
বাজারখোলা গ্রামের মো. মজনু সরকার ও ভবানীপুর গ্রামের মো. বারেক মিয়াজি বলেন, সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে মানুষের দুর্ভোগ বেড়েছে। বড় যানবাহন চলাচল করতে পারে না। কখন সেতুটি ভেঙে পড়ে, সেই আতঙ্কে থাকতে হয়। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান তাঁরা।
কাউয়াদি শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. তুহিন ও দশম শ্রেণির শিক্ষার্থী ফাহাদ বলেন, প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের সময় ঝুঁকি নিয়ে সেতুটি পার হতে হয়। সেতুতে উঠলেই ভয় লাগে।
সিএনজিচালক মো. রাজন ও মো. সোহেল বলেন, মাঝের অংশ দেবে যাওয়ায় যাত্রী নিয়ে সেতু পার হতে আতঙ্কে থাকতে হয়।
সেতুটির কারণে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভারী যানবাহন চলাচল করতে না পারায় কৃষিপণ্য পরিবহনও কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এলজিইডি মো. জাহিদুল ইসলাম বলেন, সেতুটি আনুমানিক ১৯৯০-এর দশকে নির্মাণ করা হয়। দীর্ঘদিনের মাটির ক্ষয়ের কারণে সেতুটির মাঝের পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় একটি অংশ দেবে গেছে। সেতুটি আগে থেকেই আমাদের মেরামতযোগ্য সেতুর তালিকায় ছিল। বর্তমানে সেতুটি দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে এলাকাবাসীকে সেতুটি ব্যবহার না করার জন্য সতর্ক করতে বলা হয়েছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার না করার পরামর্শ দিচ্ছি।