কর্মব্যস্ততার ফাঁকে সম্প্রীতির মিলনমেলা, দেবিদ্বারের মোহাম্মদপুরে প্রীতি ফুটবল ম্যাচ

পারভেজ সরকার, দেবিদ্বার।।

কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে স্থানীয়দের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুরে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুর সেরাজুল হক কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।

খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে একত্রিত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলাধুলার আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করার সুযোগ তৈরি হয় এ আয়োজনের মধ্য দিয়ে।

৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জামিয়া ইসলামিয়া (কওমি) মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ তাজুল ইসলাম সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু ইউসুফ গাজী, সৌদি আরব প্রবাসী মো. শামীম আবদুল, মাদ্রাসা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মো. আজিজ খান এবং ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. শরিফ উল্লাহ।

আয়োজকরা জানান, কর্মব্যস্ততার বাইরে স্থানীয়দের একত্রিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।