কাবিলায় আল-আজিজ কুরআনিক একাডেমির শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলায় ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা বিস্তারের প্রত্যয়ে যাত্রা শুরু করেছে আল-আজিজ কুরআনিক একাডেমি। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বর্ণাঢ্য আয়োজন, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাকচুয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক আব্দুল লতিফ মাস্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গল্লাই কমপ্লেক্সের আবেদা নূর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইদুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মঞ্জুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক খায়রুল বাশার, মাওলানা মুফতি ইসরাফীল বীন আহমাদ এবং ডাক্তার কাওসার আহমাদ।

এ ছাড়া অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী, আলেম-ওলামা, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একটি আদর্শ জাতি ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গঠনে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও নৈতিক শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল-আজিজ কুরআনিক একাডেমি এ লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো. শরীফুল ইসলাম জানান, এলাকার শিশু-কিশোরদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলিসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আল-আজিজ কুরআনিক একাডেমি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং একটি স্বপ্ন, একটি প্রত্যয় এবং আদর্শ প্রজন্ম গড়ার সম্মিলিত প্রয়াস। এলাকাবাসীর সহযোগিতা ও শুভকামনায় প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে দিতে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।